নবীনগরে আদালত চত্বরে লিজ বাতিলের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরের চারপাশসহ আদালত চত্বরে গড়ে ওঠা সব স্থাপনার লিজ বাতিল এবং নগরবাসীর জন্য প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ‘নবীনগর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন, মো. মহসিন মিয়া, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমানসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, আদালত চত্বরের সরকারি জায়গা লিজ দেওয়ার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং আদালতের স্বাভাবিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা অবিলম্বে এসব লিজ বাতিল করে আদালত চত্বর দখলমুক্ত ও জনস্বার্থে উন্মুক্ত রাখার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আদালত চত্বর একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থান। এখানে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী বাণিজ্যিক স্থাপনা জনস্বার্থের পরিপন্থী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
