নবীনগরে মাদক নির্মূলে তরুণদের মাঝে শুভসংঘের ফুটবল বিতরণ

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলার মাঠে মাদককে না বলুন কর্মসূচি পালন করে কিশোর-যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাদক, ইন্টারনেট আসক্তি ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে কিশোর-যুবকদের মাঠমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

এতে তরুণদের মধ্যে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক উন্নয়ন, ক্রীড়া চর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশ হবে বলেও মনে করেন সংগঠনের সদস্যরা। শুক্রবার(১০ জুলাই) সকালে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় নবীনগর তিতাস ফুটবল একাডেমিকে সম্পৃক্ত করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ নবীনগর উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো. ওয়াজেদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদকমুক্ত নবীনগর চাই সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক আবু কাউসার। সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠ নবীনগর উপজেলা প্রতিনিধি ও নবীনগর বসুন্ধরা শুভসংঘ এবং মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাজেদুল ইসলাম।

এ সময় নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। এই উদ্যোগ তাদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে এবং দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে। খেলাধুলা যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও শৃঙ্খল জাতী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের নবীনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি শিক্ষক বাবুল আহমেদ সরকার বলেন, কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, আজকের ক্রীড়াপ্রিয় তরুণরাই আগামী দিনের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। মাদক নির্মূল করতে ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা বৈরী আবহাওয়ার মধ্যেও সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।

সংগঠনের নবীনগর উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো. ওয়াজেদ উল্লাহ বর্তমান সময়ে প্রযুক্তির নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মাঠমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর তিতাস ফুটবল একাডেমির কোচ অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান, সংগঠনের নবীনগর উপজেলার যুগ্ন-সাধারণ সম্পাদক শিক্ষক মো. মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের সাংবাদিক শাফিউল আলম, সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।

আয়োজনের শেষ দিকে কিশোর-যুবকদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা। ফুটবল হাতে পেয়ে নবীনগর তিতাস ফুটবল একাডেমির কোচ, ক্রিয়াবিদ অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহাবুবুর রহমান ও স্থানীয় কিশোর-যুবকরা আনন্দে মেতে ওঠে তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights