নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলাতে মুখিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
নকআউট পর্বের ম্যাচে বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয় না। তবে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে ব্রাজিলের জন্য রয়েছে বিশেষ একটি লক্ষ্য, এই ইউরোপীয় প্রতিপক্ষকে প্রথমবারের মতো হারানো। সেই লক্ষ্য পূরণ করে নতুন ইতিহাস গড়তে চান ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোর ২টায় নিউ ইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পরিসংখ্যান বলছে, দুই দলের চারটি মুখোমুখি লড়াইয়ে এখনও জয় পায়নি ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। তাই এবার সেই হতাশাজনক রেকর্ড বদলে নিজেদের নাম ইতিহাসের পাতায় তুলতে চান গিমারেস।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, নরওয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে চায় দল।

গিমারেস বলেন,‘এটি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আমরা এই নেতিবাচক ধারার ইতি টানতে চাই। অনেক দিন ধরে দুই দলের মধ্যে ম্যাচ হয়নি, তবে এবার আমরা নিজেদের ইতিহাস নিজেরাই লিখতে চাই। ব্রাজিলের ইতিহাসে আমাদের নাম রাখতে চাই, আর সেটি করার সুযোগ আগামীকালই।’

তিনি আরও বলেন,‘অতীতের পরিসংখ্যান মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলে না। ফুটবল ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় মাঠে, ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াইয়ে। আমরা জানি, এটি কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। নরওয়ের দলে লম্বা গড়নের খেলোয়াড় রয়েছে, তারা ক্রস থেকে সুযোগ তৈরির চেষ্টা করবে। তাই আমাদের শুরু থেকেই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights