নরওয়ের বিপক্ষে ফিরছেন রাফিনিয়া
স্পোর্টস ডেস্ক
নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের ফরোয়ার্ড রাফিনিয়ার ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, রাফিনিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে তিনি এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন।
তিনি বলেন, ‘রাফিনিয়ার খুব ভালো উন্নতি হচ্ছে। সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার জন্য প্রস্তুত। ম্যাচের কোনো এক পর্যায়ে সে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারবে।’
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গ্রুপ পর্বের পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তাকে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হয়েছিল।
তবে গত শুক্রবার থেকে আবারও অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া, যা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে।
