নাটকীয়ভাবে ডারউইন টেস্টে লিটন

ক্রীড়া প্রতিবেদক

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন কুমার দাস।

ডারউইন টেস্ট স্কোয়াড বেশ ঘটা করে ঘোষণা করেছিলেন হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। ১৩ আগস্ট শুরু টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি লিটন দাস, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তিন ক্রিকেটারই একাদশের নিয়মিত সদস্য। অথচ তিনজনই বাদ পড়েন ইনজুরির জন্য। সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছেন তিনজন। অবশ্য কাফ মাসলের ইনজুরিতে জিম্বাবুয়েতে খেলতে পারেননি লিটন। চীনে চিকিৎসা শেষে দেশে ফিরে রিহ্যাব করছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এখন ম্যাচ খেলার মতো সুস্থ হওয়ায় নাটকীয়ভাবে তাকে ডারউইন টেস্ট স্কোয়াডে দলভুক্ত করেছেন টিম ম্যানেজমেন্ট। টেস্ট খেলার জন্য গত পরশু রাতে একদল ডারউইনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আরেক দল আজ যাবে। সেই দলের সঙ্গে যাচ্ছেন লিটন। ম্যাকেইতে ২২ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। সাইড স্ট্রেইনের জন্য ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নাহিদ।

গত ডিসেম্বরে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসলে ব্যথা পেয়েছিলেন লিটন। এরপর তিনি আর কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি। যদিও জিম্বাবুয়ে সফরে ছিলেন। ধারণা করা হয়েছিল তিনি খেলবেন। কিন্তু খেলার মতো ফিট না হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে খেলায়নি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-২০ সিরিজ জিতেছে টাইগাররা। কয়েকদিন আগে লিটনকে টি-২০-এর সঙ্গে ওয়ানডের দায়িত্বও তুলে দিয়েছে পরিচালনা পর্ষদ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন তিনি। সাদা পোশাকের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লিটনকে প্রথম টেস্টে না রাখার বিষয়ে নির্বাচকমণ্ডলী জানিয়েছিলেন ইনজুরির কথা। ১২ আগস্ট ফিটনেস পরীক্ষায় পাস করলেই তাকে দেখা যাবে ম্যাকেইতে দ্বিতীয় টেস্ট খেলতে। তার আগেই তিনি সুস্থ হয়েছেন। সেজন্য তাকে দলে ভিড়িয়েছে নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়ার মাটিতে লিটনের এটাই প্রথম টেস্ট খেলা হবে। উইকেটরক্ষক ব্যাটারের টেস্ট ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। কিন্তু ঘরের মাঠে ২০১৭ সালে অসিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে খেলেছিল টাইগাররা। প্রায় দুই যুগ পর এবার দ্বিতীয়বার খেলতে যাচ্ছে। স্কোয়াডের মুশফিকুর রহিম, মুমিমুল হক, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজের অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাটকীয়ভাবে লিটনকে দলভুক্ত করা হয়েছে মূলত ব্যাটিং শক্তি বাড়াতে। টি-২০ ও ওয়ানডে অধিনায়ককে নাটকীয়ভাবে দলভুক্ত করার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘১২ অগাস্ট দেশে লিটনের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটায় পাস করলে ম্যাকেইতে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হতো। আমরা জানতে পেরেছি, ওর অগ্রগতি খুব দ্রুত হচ্ছে। মেডিকেল বিভাগ আমাদের জানিয়েছে, সিরিজের প্রথম টেস্টের জন্য আমরা ওকে দলে নিতে পারি। লিটন দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। নাহিদ রানাকে না পাওয়াটা এমনিতেই দুঃখজনক। লিটনকে প্রথম টেস্টে খেলাতে পারলে বড় স্বস্তির ব্যাপার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights