নাটোরে গাছ থেকে আম আহরণ শুরু

নাটোর প্রতিনিধি

আজ থেকে নাটোরে শুরু হয়েছে গোপালভোগ জাতের আম আহরণ। আনুষ্ঠানিকভাবে আম আহরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ উপলক্ষে নিরাপদ ও কেমিকেল মুক্ত আম আহরণ ও বাজারজাত করার বিষয়ে

গুরুদাসপুর উপজেলার কোলাকান্ত নগর গ্রামে আমবাগানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ থেকে আম সংগ্রহ, বিপনন ও পরিবহনের সকল প্রকার বাধা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। কেমিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত চেষ্টায় মধুময় হবে মধুমাস।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, আহম্মদপুর আম আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।
জেলার আম সংগ্রহ সময়সূচি অনুসারে ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভাগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমতি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
নাটোর জেলায় চলতি বছর ৫ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ৭৪০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights