নাটোরে র‍্যাবের অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি
নাটোরে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা বড়মোড় থেকে ছোটমোড়গামী পাকা সড়কে আসাদ কম্পিউটার দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন -রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলিপুর মহিষালবাড়ী এলাকার মো. আকতারের ছেলে মো. সাকিবুর রহমান সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর জোরপুকুরিয়া এলাকার বদিউজ্জামান আকন্দের ছেলে মো. মিন্টু আকন্দ (৪৩)।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাকিবুর রহমান সাকিব পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পায়ুপথ থেকে ১০৫ গ্রাম হেরোইন বের করে জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, ‘রনি’ নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে বিশেষ কৌশলে তা বহন করে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দিতে তিনি নাটোরে এসেছিলেন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা মাদকসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights