নাটোরে শিশুর আঙুল কেটে নিল পুলিশ দম্পতি
নাটোর প্রতিনিধি
নাটোর শহরে সাত বছর বয়সি এক শিশুর ডান হাতের একটি আঙুলের অংশ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল শাকিল হোসেন ও তাঁর স্ত্রী নাসরিন সুলতানার বিরুদ্ধে। এ ঘটনায় ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শহরের চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। গতকাল সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।
আহত শিশুটির নাম বাইজিদ। অভিযুক্ত শাকিল হোসেন নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এবং স্ত্রী ও চার বছর বয়সি মেয়েকে নিয়ে শিশুটির বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার রাতে ওই বাড়িতে আয়োজিত পিকনিকে কনস্টেবলের মেয়ের সঙ্গে শিশুটির ধাক্কাধাক্কি হয়। আহত শিশুর বাবা মিলনের অভিযোগ, বৃহস্পতিবার সকালে শাকিল ও তার স্ত্রী বাইজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি আঙুল কেটে দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। অন্যদিকে কনস্টেবল শাকিল পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন, শিশুটি তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কনস্টেবল তার মেয়ের ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ করেছেন। অভিযুক্ত কনস্টেবল ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
