নাতনিকে দাঁড়িপাল্লায় মেপে সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা
নাতনির বিয়েতে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার আব্দুল কাদের প্রামানিক। বিয়ের দেড় বছর পর নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করলেন তিনি।
শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় তার বাড়িতে দাঁড়িপাল্লায় মেপে কয়েন উপহার দেওয়ার এ দৃশ্য দেখতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় জমে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাতনি নাইমার বিয়েতে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ইচ্ছা ছিল আব্দুল কাদের প্রামানিক ও তার স্ত্রীর। তবে বিয়ের সময় প্রয়োজনীয় কয়েন জোগাড় করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা পূরণ করেন তিনি।
অনুষ্ঠানে একটি দাঁড়িপাল্লার এক পাশে বসানো হয় নাতনি নাইমাকে। অপর পাশে রাখা হয় তার ওজনসমান কয়েন, যার বেশিরভাগই ছিল পাঁচ টাকার।
আব্দুল কাদের প্রামানিক জানান, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর তার ঘরে জন্ম নেওয়া প্রথম নাতনির জন্য বিশেষ কিছু করার ইচ্ছা ছিল তার ও স্ত্রীর। সে লক্ষ্যেই দীর্ঘদিন ধরে মাটির ব্যাংকে কয়েন জমিয়েছেন। স্ত্রীর মৃত্যুর পর অবশেষে সেই ইচ্ছা পূরণ করতে পেরে তিনি আনন্দিত।
নাতনি নাইমা বলেন, নানীর খুব ইচ্ছা ছিল এমন উপহার দেওয়ার। তিনি বেঁচে থাকলে আরও ভালো লাগত। নানার মাধ্যমে নানীর সেই ইচ্ছা পূরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে বিষয়টি বিশ্বাস করা কঠিন ছিল। তবে পরে নিজের চোখে দেখে তারা মুগ্ধ হয়েছেন। তারা জানান, একজন নানার কাছে নাতনি কতটা আদরের হতে পারে, এটি তারই একটি উজ্জ্বল উদাহরণ।
