নানার বাড়িতে বেড়াতে এসে খালে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে পড়ে মেহেদী হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী হাসান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মটুকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোয়ারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী হাসান তার মায়ের সঙ্গে নানার বাড়ি তুষভান্ডার ইউনিয়নের মান্নান মোহেনের বাড়িতে বেড়াতে আসে। সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে দীর্ঘক্ষণ তলিয়ে থাকার কারণেই ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights