নানা আয়োজনে জবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সারা বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান এবং জনসচেতনতা তৈরি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

সোমবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন কর হয়। এ উপলক্ষে সকালে পোস্টার প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং একটি আনন্দ র‍্যালি সহ জাঁকজমকপূর্ণ সংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোসাররফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম শওকত হোসেন, জেনারেল ম্যানেজার সাফায়াত মাহমুদ, এসিআই লিমিটেডের পরিচালক মোহাম্মদ মুহসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বলেন, “আমাদের যে মৌলিক চাহিদা স্বাস্থ্য, এই মৌলিক চাহিদা নিয়েই ফার্মেসি বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমি প্রত্যাশা করি, আমাদের যে ক্রমবর্ধমান ঔষধশিল্প এবং জনস্বাস্থ্য সেখানে নেতৃত্ব, অংশগ্রহণ, যোগ্যতা ও নিষ্ঠার মধ্যে দিয়ে এ বিভাগের শিক্ষার্থীরা নিজেদের সম্পৃক্ত করবে।”

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার সাফায়াত মাহমুদ বলেন, ‘ফার্মেসি অনেক প্রাচীন একটা প্রফেশন। ফার্মেসিকে বাদ রেখে স্বাস্থখাত কল্পনা করা যায়না। ভবিষ্যতের স্বাস্থ্য খাতের অবস্থা বিবেচনায় কোয়ালিটি ফার্মাসিস্ট দরকার আর মেধা না থাকলে যোগ্য ফার্মাসিস্ট হওয়া যায় না। এজন্য নিজেদেরকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। আমি প্রত্যাশা করি মানুষের জীবনমানের উন্নয়নের জন্য ফার্মাসিস্টরা অবদান রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights