নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে রড-সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বুধবার দুপুরে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে তার মালিকানাধীন এসবি রাসেল এবং আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুইটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাচ্ছিল। তখন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights