নারায়ণগঞ্জে ওসমান পরিবার সংগঠিত সকল হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ত্বকী, আশিক, বুলু, মিঠু ও চঞ্চলসহ ওসমান পরিবারের সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে। ত্বকী হত্যার বিচারহীনতার সাড়ে ১১ বছর উপলক্ষ্যে রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী বলেন, আমরা ত্বকী হত্যার বিচার চাই, সাগর রুনি হত্যার বিচার চাই, তনু হত্যা বিচার চাই। আমরা এই বিচারের মধ্য দিয়ে আশা করি এই সরকার তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবে। এই সরকার আমাদের আকাঙ্ক্ষার সরকার, মানুষের সরকার, জনবান্ধব সরকার কিনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় কিনা তা আমরা বুঝতে পারবো।

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, যারা পুলিশ বাহিনীতে রয়েছেন তারা আমাদের মতোই মানুষ, আমাদের কারো ভাই কিংবা আত্মীয়-স্বজন। কিন্তু এই পুলিশ বাহিনীকে কলুষিত করেছে শেখ হাসিনা। আমরা এর পরিশুদ্ধ একটি রূপ দেখতে চাই। কারণ এই দেশকে গড়ে তুলতে পুলিশকে লাগবেই।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় স্কুল দখল হয়ে যাচ্ছে, মসজিদ কমিটি দখল করে ফেলছে। এর বিরুদ্ধে প্রশাসনের শক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা এখন আবার দেখছি বিভিন্ন মাজারে হামলা হচ্ছে। গত শুক্রবার নারায়ণগঞ্জে এমন এক ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কোনো একটি মতের মানুষ আরেক মতের মানুষের টুটি চেপে ধরবে তা আমরা সভ্য এই দেশে কাম্য করি না।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান তানু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights