নারায়ণগঞ্জে থার্টি ফার্স্ট নাইটের কনসার্টে সংঘর্ষ, নিহত যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার গভীর রাতে কুতুবপুরের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় পাগলা বউ বাজার এলাকার হাবিব মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতরা হলেন-সানি (২০), আপন (২১) ও রাব্বি (২৫)।

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থলে র‌্যাব ১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

নিহত হৃদয়ের বন্ধু সাব্বির বলেন, রাতে এলাকায় আমরা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফাস্ট নাইট পালন করছিলাম। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭ থেকে ৮ যুবক এসে আমাদের মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং আমার সঙ্গে ফোর্স গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights