নারায়ণগঞ্জে বসুন্ধরা শুভসংঘের চারাগাছ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘সবুজে সুন্দর আগামী’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা টিম।

‘সবুজে সুন্দর আগামী’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা টিম। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।

সারা দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া এলাকার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচিতে ফতুল্লা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর ২০০টিরও বেশি চারাগাছ দিয়ে সহযোগিতা করেন।

গাছ পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞ। তারা চারাগুলো রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা করবেন বলেও জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ রিপন বলেন, ‘গাছের প্রতি যত্নশীল হতে হবে। তোমাদের সঙ্গে সঙ্গে গাছও যেন সঠিকভাবে বেড়ে ওঠে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’

দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুর রহিম বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ছায়া দেয় এবং মানসিক প্রশান্তিও দেয়। তাই গাছ সংরক্ষণে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে।’

বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা টিমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ‘গাছ শুধু রোপণ করলেই চলবে না, এর যথাযথ পরিচর্যাও করতে হবে। তাহলেই আমাদের এই আয়োজন সফল হবে।’

গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বলেন, ‘গাছের পরিচর্যায় কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি গাছ যেমন সঠিক পরিচর্যায় বড় হয়ে ওঠে, তেমনি একটি শিশুকেও উপযুক্ত পরিবেশ ও শিক্ষা নিশ্চিত করা গেলে সে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।’

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা হওয়ায় এখানে গাছ লাগানোর সুযোগ তুলনামূলক কম। তারপরও বসুন্ধরা শুভসংঘ যে মহৎ উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। যেখানে সামান্য জায়গাও পাওয়া যাবে, সেখানে গাছ লাগানো উচিত। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা শরীফ সুমন, রাশেদুল ইসলাম রাজু, মোবাশ্বির শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টুকু ও কামাল হোসেন কালিম, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক আল আমিন ও ফুয়াদ হাসানসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights