নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে আলতাফ হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে বন্দর এলাকাতেই সৌদি আরবগামী রকিবুল হাসান তারেক নামে এক প্রবাসীকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের পর নগদ অর্থ, পাসপোর্ট, ফ্লাইটের টিকিট, মুঠোফোন সহ মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

এই দুই ঘটনাতেই বন্দর থানায় মামলা ও অভিযোগ করলেও শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তারা আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মদনপুরের ডাচ-বাংলা ব্যাংক থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন আলতাফ হোসেন। পথে ঢাকেশ্বরী কবরস্থানের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি হাইএস গাড়িতে তুলে হাতকড়া পরিয়ে মারধর করে নগদ ১৮ লাখ টাকা, এনআইডি কার্ড ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা তাকে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ করে জানান, তিনি ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা নিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে, প্রবাসীর দায়ের করা অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রকিবুল হাসান তারেক। এ সময় মোটরসাইকেলে এসে তিনজন দুর্বৃত্ত তাকে ও তার স্বজনদের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।

পরে তারা রকিবুলকে মারধর করে তার বিদেশগামী পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, নগদ ৯০০ সৌদি রিয়াল, ২ হাজার ৫০০ টাকা, একটি স্বর্ণের নাকফুল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights