নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিল করা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একইসঙ্গে দ্রুত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদ্য সাবেক সদস্য সচিব কায়সার রিফাত বলেন, কমিটি বিলুপ্ত করা হয়েছে। দল যা মনে করেছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দলের যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এর আগে, ২০২২ সালের ১২ ডিসেম্বর ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক ও কায়সার রিফাতকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে, গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। যে কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন। সেই কমিটি বাতিলের পর এবার জেলা কৃষকদলের কমিটি বাতিল করা হয়েছে।
