নারীকে জড়তার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা নারী ছাড়া হয়। তাই নারী দিবস প্রতিদিনই। নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে।’

‘আমাদের নারীদের হাত ধরে এগিয়ে দিয়েছেন একজন শেখ হাসিনা। এখন আমাদের কাজটা করে যেতে হবে।’

বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয় নগর কার্যালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নারী দিবসের আয়োজনে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিমা বানু, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, অভিনেত্রী তারিন জাহানসহ দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারী নেতৃত্ব।

দীপু মনি আরও বলেন, ‘নারী যে পথে হাঁটবে, সে পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। সে কারণে ডিজিটাল পথেও নারীর বাঁধা বিপত্তি অনেক। কিন্তু তাকে ডিজিটাল হতেই হবে। প্রযুক্তি শিখতে হবে।’

সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নারী আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। নারীরা সুযোগ পেলে সকল ক্ষেত্রে সাফল্য দেখাতে পারে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীন না হলে নারী মুক্তির আস্বাদন থেকে আমরা হয়তো আজও দূরে থাকতাম। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ সৃষ্টি না হলে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হতো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights