নারীকে নিয়ে কটুক্তি: রাবি ছাত্রদল নেতাকে বহিষ্কার, মামলা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের আবাসিক ছাত্রীদের নিয়ে কটুক্তি করার অপরাধে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছেন। একই অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলার আবেদনও করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে তাদেরই এক নেতার বিরুদ্ধে নারীকে কটুক্তির অভিযোগে একটি মামলার আবেদন করেছে। এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, ২ সেপ্টেম্বর জুলাই-৩৬ হলের ছাত্রীদের ৯১ ছাত্রীকে রাতে দেরি করে ফেরার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ উল্লেখ করে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন কমেন্ট করেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ৩ সেপ্টেম্বর রাতে ওই হলের ছাত্রীরা বিক্ষোভ করেন এবং তার শাস্তি দাবি জানান। ওই রাতেই শাখা ছাত্রদল অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে এবং তদন্ত কমিটি গঠন করে। কমিটির অভিযোগ, আনিসুর রহমান মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরও সন্তোষজনক জবাব না দিয়ে ফোন বন্ধ করেন মিলন। ফলে প্রমাণিত হয় যে কুরুচিপূর্ণ মন্তব্য তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন। ফলে ৪ সেপ্টেম্বর নগরীর মতিহার থানায় মামলা করে শাখা ছাত্রদল।

এব্যাপার শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নারীর প্রতি সহিংসতা বা কটুক্তি ছাত্রদল কখনই বরদাস্ত করবে না। আমরা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights