নারীদের পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : শহীদ উল্লা খন্দকার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার বলেছেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। এই নারীদের পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ শুরু করেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ন নিয়ে কোন কাজ করেনি।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়ণে ও কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের শান্তিপূর্ণ দেশের সূচকে ১৬৩ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উন্নত শিখরে।
সাবেক এই সিনিয়র সচিব একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ নিয়ে ভাবেন। তিনি কোন বিশেষ এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন না। এর আগে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু দেশের বিশেষ বিশেষ এলাকার উন্নয়ন করেছেন।

উপস্থিত নারীদেরকে উদ্দেশ্যে করে শহীদ উল্লা খন্দকার বলেন, যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদের বর্জন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা খায়রুন নাহারসহ তথ্য কেন্দ্রে থেকে সুফলভোগী নারীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights