নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, নারীর যথাযথ ক্ষমতায়ন বৃদ্ধি পেলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে।

শনিবার পাবনার বেড়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কর্মক্ষম করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, নারীর প্রতিটি হাতকে কর্মক্ষম করতে তার (শেখ হাসিনা) এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ‘নারী উদ্যোক্তা মেলার’ আয়োজন অবশ্যই প্রশংসনীয়।
শামসুল হক টুকু জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। তাই তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় থাকলে নারী উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। প্রতিটি বাড়ি হবে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার।

এ সময় তিনি বলেন, ‘ধূমপান ও মাদকের আগ্রাসনে অনেক পরিবার ক্ষত-বিক্ষত হচ্ছে। মানবসম্পদের এই অবক্ষয় রাষ্ট্র মেনে নিতে পারে না, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

ডেপুটি স্পিকার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর জন্য দরকার হচ্ছে নারীদের সচেতন হওয়া ও পরিবারে সচেতনতা তৈরি করা। যতদ্রুত নারীরা সচেতন হবে তত দ্রুত সমাজ এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, পৌর মেয়র এ. এস. এম. আসিফ শামস রঞ্জন, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনীসহ অনেকেই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights