নারী-শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে চারটায় দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশজুড়ে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সামাজিক ও আইনি নানা প্রতিবন্ধকতার কারণে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা নারী ও শিশু নির্যাতন এবং সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুদের সুরক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মিনতি ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহসভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, সদস্য শিবানী উড়াও, জেসমিন আরা ও কবিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights