নার্স রোগীর সার্বক্ষণিক সঙ্গী

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একজন নার্স একজন রোগীর সার্বক্ষণিক সঙ্গী। একজন নার্স অসুস্থ, আহত ও বয়স্ক লোকদের যত্ন নেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘ক্যাপিং সিরিমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ইউনূস। গত ১৮ জানুয়ারি উত্তরার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নিরু শামসুন নাহার। গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, গ্রামীণ নার্সিং কলেজ শিক্ষার্থীদের শুধু নার্স হিসেবে নয় বরং পরিপূর্ণ মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে যোগ্য করে গড়ে তুলতে সহায়তা করে। বাংলাদেশে বেসরকারি নার্সিং কলেজগুলোর মধ্যে গ্রামীণ নার্সিং কলেজ তার গৌরবময় ও সম্মানজনক অবস্থানে ঠাঁই করে নিতে সক্ষম হয়েছে। এখান থেকে প্রায় প্রতি বছরই ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কাউন্সিলের অধীনে মেধাতালিকায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে, এ ছাড়াও অন্য কোর্সগুলোতে প্রতি বছর ভালো ফলাফলের মাধ্যমে শতভাগ ছাত্রছাত্রী উত্তীর্ণ হচ্ছে। এ কলেজ থেকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বিদেশে স্কলারশিপ প্রাপ্ত হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে গ্রামীণ নার্সিং কলেজে শিক্ষকতার সঙ্গে যুক্ত হচ্ছেন। এ কলেজের সাফল্য, নার্সিং পেশার প্রতি ব্যাপক আগ্রহ এবং বিদেশে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের বিপুল চাহিদা দেখে দেশের অন্যান্য স্থানেও নার্সিং কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রফেসর ইউনূস জানান। আলোচনা সভা শেষে নার্সিং কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

আনন্দ-উল্লাস মাখা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাপিং সিরিমনির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান। এটি ২০১০ সালে ইউনূস সেন্টারের অফিসে ৩৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। কলেজটিতে বর্তমানে তার নিজস্ব ক্যাম্পাসে ৫টি কোর্সে ৫৫৬ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। কলেজ ক্যাম্পাসটি মেট্রোরেলের শেষ স্টেশন ‘উত্তরা উত্তর’ স্টেশনের পাশেই অবস্থিত। ৯০০ ছাত্রছাত্রী এক সঙ্গে পড়াশোনা করার উপযোগী করে ক্যাম্পাসটি নির্মাণ করা হয়েছে। এটি যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি এবং গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের নিজস্ব এই ক্যাম্পাসে ৭০০ ছাত্রীর থাকা খাওয়া ও পড়াশোনার জন্য সুসজ্জিত একটি ডর্মেটরি তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights