‘নালন্দা কীর্তি শ্রী’ উপাধিতে ভূষিত শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে সম্মানিত করেছে তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান কলম্বোর নালন্দা কলেজ। ক্রিকেটে অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা বাড়ানোর স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে কলেজটির মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ উপাধি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ সম্মাননা পাওয়ার খবর প্রকাশ করে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম। নালন্দা কলেজের সাবেক শিক্ষার্থী জয়াবর্ধনে দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ব্যাটিং নৈপুণ্য, নেতৃত্ব ও ক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বিশেষ অবস্থান তৈরি করেছেন।

জয়াবর্ধনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শ্রীলঙ্কার হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহ ১১ হাজার ৮১৪ রান। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান ২৫ হাজারের বেশি। ২০০৬ সালে আইসিসির বর্ষসেরা অধিনায়কের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

অধিনায়ক হিসেবেও শ্রীলঙ্কার ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জয়াবর্ধনের। তার নেতৃত্বে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ওই আসরে ভারতের বিপক্ষে ফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও খেলাটির সঙ্গে যুক্ত রয়েছেন জয়াবর্ধনে। কোচ ও পরামর্শক হিসেবে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতেও ভূমিকা রাখছেন তিনি।

নালন্দা কলেজের ‘নালন্দা কীর্তি শ্রী’ উপাধি প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল অবদান রাখা সাবেক শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই সম্মাননার মধ্য দিয়ে জয়াবর্ধনের দীর্ঘ ক্রিকেটীয় সাফল্যের পাশাপাশি তার শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কও নতুন করে সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights