নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা
অনলাইন ডেস্ক
তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চায় আগ্রহ সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশে শেরপুরের নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক আলোচনাকে কেন্দ্র করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বাংলা সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, পাঠাভ্যাস এবং বর্তমান প্রজন্মের সাহিত্যচর্চার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় হয়। আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের বইমুখী করতে পাঠচক্র, সাহিত্য আড্ডা ও সৃজনশীল কর্মকাণ্ডের পরিধি বাড়ানো প্রয়োজন।
বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বলেন, “সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; এটি মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। একটি ভালো বই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই তরুণদের পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস ও মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সাহিত্যচর্চার মধ্য দিয়েই আমরা একটি মানবিক ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারি।”
শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক শাকিল মিয়া বলেন, “পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে বই পড়া। তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা চাই, নালিতাবাড়ীর তরুণরা শুধু পাঠক নয়, ভবিষ্যতে লেখক ও সাহিত্যপ্রেমী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করুক।”
সাহিত্য আড্ডায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক শাকিল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন শান্ত, নারী বিষয়ক সম্পাদক ববিতা পারভীন আঁখি, কার্যকরী সদস্য আরিফা আক্তার আঁথি এবং কার্যকরী সদস্য শারমিন জাহান ও অন্যান্যরা।
আড্ডায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, নিজেদের লেখা উপস্থাপন এবং বই পড়ার অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করা হয়। তরুণদের মধ্যে সাহিত্য ও পাঠাভ্যাস ছড়িয়ে দিতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
