নিউইয়র্কে টিপস চুরি বন্ধে ডেলিভারিম্যানদের আয় বেড়েছে ১০৪ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ডেলিভারিম্যানদের টিপস আত্মসাতের অভিযোগের পর নেওয়া আইনি পদক্ষেপে ইতিবাচক ফল মিলেছে নিউইয়র্ক সিটিতে। টিপস চুরি রোধে নতুন আইন কার্যকর হওয়ার পর ডেলিভারিম্যানদের মোট টিপসের পরিমাণ বেড়েছে ১০৪ মিলিয়ন ডলার।

বুধবার ব্যাটারি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি জানান, চলতি বছরের জানুয়ারিতে টিপস সুরক্ষা আইন কার্যকর হওয়ার পর ফুড ডেলিভারিম্যানদের বার্ষিক টিপস বেড়ে প্রায় ৫৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে শহরের রেস্টুরেন্টগুলোর সাপ্তাহিক অর্ডারও গড়ে প্রায় ৭ লাখ বৃদ্ধি পেয়েছে।

এর আগে উবার ইটস, ডোরড্যাশসহ বিভিন্ন অ্যাপভিত্তিক সেবায় ড্রাইভার ও ডেলিভারিম্যানদের উপার্জন এবং গ্রাহকদের দেওয়া টিপস থেকে অর্থ কেটে নেওয়ার অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের পর ২০২৩ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল ডেলিভারিম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিল পাস করে। পরবর্তীতে সেটি আইনে পরিণত হয়।

বর্তমানে নিউইয়র্ক সিটিতে ফুড ডেলিভারিম্যানদের ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ২২ দশমিক ১৩ ডলার নির্ধারিত হয়েছে। শহরজুড়ে প্রায় ৭০ হাজার ডেলিভারিম্যান প্রতিদিন ঝড়-বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে খাবার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

আইন কার্যকর হওয়ার আগে উবার ইটস ও ডোরড্যাশ ফেডারেল আদালতে ডেলিভারি ফি ও টিপসের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় নতুন বিধান কার্যকরে আর কোনো বাধা থাকেনি।

সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের কমিশনার স্যাম লেভিন বলেন, ডেলিভারিম্যানদের ন্যায্য আয়ে হস্তক্ষেপ করা ছিল অগ্রহণযোগ্য। তার ভাষায়, সময়ই প্রমাণ করেছে যে, আগের ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছিল। তিনি বলেন, নিউইয়র্কের মানুষ সবসময়ই ডেলিভারিম্যানসহ সেবাখাতের কর্মীদের টিপস দিতে উদার, তাই সেই অর্থ যেন পুরোপুরি কর্মীদের হাতেই পৌঁছায়, সেটিই নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights