নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে রবিবার ভোর রাতে গুলির ঘটনায় মো. ইউসুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ওই রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। একই ঘটনায় রাসেল (৩৯)নামের আরেক বাংলাদেশিও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পায়ে এবং রাজুর মাথায় গুলি লেগেছিল বলে তদন্তকারি পুলিশ জানিয়েছে। রাজুকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টে’ হামলার ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে রেস্টুরেন্টের ভেতরে সংঘটিত একটি হামলা হিসেবে তদন্ত করছে। কী কারণে গুলি চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিউইয়র্ক পুলিশ(এনওয়াইপিডি) তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি রবিবার রাত ৯টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত।

জানা গেছে, রাজু প্রায় তিন বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন মেক্সিকো সীমান্ত দিয়ে। এ বাবদ দালালকে দিয়েছিলেন ৩০ লাখ টাকা। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। দেশে রয়েছে স্ত্রী এবং ৩ সন্তানসহ ভাই-বোন, মা-বাবা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরের সন্তান ইউসুফ বাচ্চা আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ে নিউইয়র্কে ওই রেস্টুরেন্টে কাজ করতেন। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতেই।

ব্রুকলীনে বসবাসরত নোয়াখালী কম্যুনিটির লিডার শহিদুল্লাহ কাইসার জানান, ঐ রেস্টুরেন্টের একজন কাস্টমার খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল বিল পরিশোধের পর রেস্টুরেন্ট ত্যাগের আহবান জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তটি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেছে পুলিশ আসার আগেই। এ ঘটনায় কম্যুনিটিতে আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে, নোয়াখালী সোসাইটির নেতা নাজমুল হক মানিক জানান, রাজুর স্বজনেরা বাংলাদেশ থেকে ফোন করে লাশটি পাঠিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights