নিউমার্কেট এলাকায় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধর, তিন দোকানি রিমান্ডে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন দোকানির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—নজরুল ইসলাম মিলন, মো. চুন্নু মিয়া ও নামজুল। এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজিব মিয়া। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করে।

জানা যায়, ২৬ মে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম ও আয়েজুর কেনাকাটা করতে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটে যান। তখন এক দোকানে কেনাকাটা করতে আসা এক মেয়ে দরকষাকষি করেন। এটা নিয়ে দোকানের কর্মচারীরা ওই মেয়েকে গালিগালাজ করতে থাকেন। তখন দুই শিক্ষার্থী এটার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ সাহেদুল ইসলাম নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights