নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশে ঝোপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের সাতদিন পর সাদেক শিকদার নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেনিখালী এলাকায় একটি বালুর মাঠের পাশে ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদেক শিকদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবত সোনারগাঁও উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।

মেয়ের জামাতা মোসলেউদ্দিন জানান, গত ১৬ মে বিকালে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে, কারা ওই বৃদ্ধকে হত্যা করেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, লাশটিতে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights