নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নিখোঁজ দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান পাওয়া গেছে। গতকাল ভোরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে ফেরেন এবং দেলোয়ার হোসেন আগের রাতে তার স্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছেন। তবে তারা কোথায় কীভাবে ছিলেন, এ ব্যাপারে দুই পরিবারের কেউ মুখ খোলেননি। আনোয়ারের বাড়ি ফেরার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও দেলোয়ারের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।

আনোয়ার হোসেন কাহালুর বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সহদফতর সম্পাদক। এ ছাড়া তিনি বীরকেদার ইউপির সাবেক সদস্য। অপরজন উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। আনোয়ারের মামাতো ভাই নাহিদ পারভেজ বলেন, আমার ভাই ভোরে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না। এদিকে দেলোয়ারের স্ত্রী সালমা খাতুন জানান, বুধবার রাতে আমার স্বামী আমাকে মোবাইলে কল দিয়েছিল। তিনি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। তিনি ভালো আছেন। কিন্তু তিনি কোথায় আছেন সে ব্যাপারে কিছু বলেননি। শুধু বলেছে খুব শিগগিরই দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights