‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার মাওলানা মামুনুর রশীদ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার দুপুর ২টায় রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে আসছে।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় সংবাদ সম্মেলন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি মামুনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়।

মামুনের সন্ধান পেতে শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তার পরিবার। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

মামুনের পরিবারের অভিযোগ, গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights