‘নিখোঁজ’ সেই এনসিপি নেতাকে পাওয়া গেল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

অনলাইন ডেস্ক
মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে উদ্ধারের পর পরিবারের সঙ্গে এনসিপির সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছান (নীল পোশাক পরিহিত)। ছবি: ডিএমপি নিউজের

কদমতলী থানা এনসিপির ‘নিখোঁজ’ সদস্য মো. ওয়াসিম আহমেদ মুকছানকে (৪০) উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার কদমতলী মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়।

ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি শারমিন আক্তার টুম্পা নামের এক নারী রাজধানীর কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যে, তার স্বামী মো. ওয়াসিম আহমেদ মুকছানকে একই তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যান।

তাৎক্ষণিক কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভিক্টিমকে উদ্ধারে তার বাবা-মা, ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু তারা কোনো বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করতে পারেননি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ গতকাল মঙ্গলবার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।

কদমতলী থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওয়াসিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াসিমের মাদকাসক্তের কারণে পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তদন্তে আরও জানা যায়, ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বিধায় তারা এই সময়টি বেছে নেন। তবে এ ক্ষেত্রে নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি।

উদ্ধারের পর নিখোঁজ মো. ওয়াসিম আহমেদ মুকছানকে তার স্ত্রীর আবেদননের পরিপ্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights