নিজের যত্ন নিতে অনির্দিষ্ট সময়ের বিরতিতে তিতে

অনলাইন ডেস্ক

রোগ বাসা বেঁধেছে তিতের শরীরে, আছে ক্লান্তি-শ্রান্তি ও মানসিক অবসাদ। সব কিছু মিলিয়েই, নিজের যত্ন নিতে চান ব্রাজিলের সাবেক কোচ। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত অগাস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ব্রাজিলকে ২০১৯ কোপা আমেরিকা জেতানো কোচ তিতের। পরের মাসেই তাকে ছাঁটাই করে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। স্বদেশের আরেক ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে আলোচনা চলছিল তার। এই সময়ই বিরতি নেওয়ার ঘোষণা দিলেন ৬৩ বছর বয়সী তিতে।

ছেলে মাথেউসের ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিতে তুলে ধরেন তার ভাবনার পেছনের কারণ। তিনি জানান, “আমি উপলব্ধি করতে পেরেছি, এমন অনেক সময় আসে যখন নিজেকে বুঝতে হয় যে, একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি এবং স্বীকার করতে হবে যে, এটা অবশ্যই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।”

তিনি আরও বলেন, “আমি যা করি সেটায় আমার আবেগ রয়েছে এবং আমি তা অব্যাহত রাখব। তবে পরিবারের সঙ্গে কথা বলার পর এবং আমার শরীর যে সংকেতগুলো দিচ্ছে তা পর্যবেক্ষণ করার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন সবচেয়ে ভালো কাজটি হলো, আমার ক্যারিয়ার থেকে বিরতি নেওয়া, যতদিন লাগে নিজের যত্ন নেওয়া।”

দুই মেয়াদে করিন্থিয়ান্সের কোচিং করিয়ে ২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন তিতে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে ছয় বছরের অধ্যায়ে কোপা আমেরিকা জয়ের স্বাদ পেলেও বিশ্বকাপে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি।

২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপেও ওই শেষ আট থেকেই ছিটকে পড়ে ব্রাজিল দল। এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে। ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে করিন্থিয়ান্সের হয়ে দারুণ সফল তিতে। ক্লাবটিকে ২০১২ সালে কোপা লিবের্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। এছাড়া ব্রাজিলের গ্রেমিও, আতলেতিকো মিনেইরো ও পালমেইরাসের কোচ ছিলেন তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights