নিবন্ধন ফিরে পেল জাগপা

রাজনৈতিক দল হিসেবে আবারও নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বরে নিবন্ধন লাভ করেছিল জাগপা। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাগপা হাইকোর্টে রিট করে। এ বিষয়ে চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

নিবন্ধন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে—আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও লড়াকু সৈনিকদের স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই সেইসব রাজনৈতিক দলকে যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে, এবং কৃতজ্ঞতা জানাই সকল শুভানুধ্যায়ী ও প্রার্থনাকারীদের।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, তৎকালীন নির্বাচন কমিশন যে কারণেই নিবন্ধন বাতিল করুক না কেন, এর মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদবিরোধী দৃঢ় অবস্থান। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিভিন্ন মহল জাগপার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। আজ সেই ষড়যন্ত্রের অবসান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights