নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির তাগিদ সমাজকল্যাণমন্ত্রীর
দিনাজপুর প্রতিনিধি
মাতৃস্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। পাশাপাশি সরকারি সহায়তা কর্মসূচিতে যোগ্য উপকারভোগীদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’-এর নিবন্ধন ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় দুই দিনব্যাপী এ ক্যাম্প শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা।
আয়োজকরা জানান, যোগ্য মা ও শিশুদের নিবন্ধনের আওতায় এনে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিবন্ধন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
