নির্বাচনী আইন প্রয়োগের পুরো ক্ষমতাসহ সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ

অনলাইন ডেস্ক

নির্বাচনী অপরাধের বিচারের পুরো ক্ষমতা ইসির হাতে রাখাসহ নির্বাচন সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. শফিউল আজিম।

আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা আমরা বের করার চেষ্টা করেছি। সুষ্ঠু নির্বাচনে বাধা নিয়ে আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আমাদের উদ্দেশ্য সংস্কার কমিশনের কাজ যাতে ফলপ্রসূ হয়। আমাদের পক্ষ থেকে সুপারিশ দিয়েছি কমিশনকে।’

শফিউল আজিম বলেন, ‘আইন প্রয়োগে নির্বাচনী কর্মকর্তারা যাতে কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনী অপরাধের বিচার যাতে করা হয় এবং সেই ক্ষমতা যাতে ইসির হাতে থাকে, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে, সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে।’

নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনী কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে আরও সুপারিশ দেবেন তারা।’

তিনি বলেন, ‘কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা কীভাবে বাড়ানো যায় এবং মাঠ প্রশাসনসহ দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights