নির্বাচনের ৫ দিন আগে সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়িয়েছেন।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার ৫ দিন আগে মঙ্গলবার এরদোয়ান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের বড় রকমের বেতন বাড়ানোর এই ঘোষণা দিলেন।

এরদোয়ান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আশা করছেন। এজন্য তিনি এবারও নির্বাচনের একজন প্রার্থী। এরদোয়ানের বেতন বাড়ানোর এই ঘোষণা তুরস্কের প্রায় সাত লাখ ভোটারের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান বেতন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতির কারণে কেউ যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করবে সরকার।

এরদোয়ান বলেন, “আমরা শতকরা ৪৫ ভাগ বেতন বাড়াচ্ছি যার মধ্যে ওয়েলফেয়ার শেয়ারও থাকবে। এতে দেশের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ১৫ হাজার তুর্কি লিরা বা ৭৭০ মার্কিন ডলার।”

এরদোয়ান বলেন, তুরস্ক যেহেতু উন্নতি করছে এবং উৎপাদন বাড়ছে সে কারণে তার ফলাফল দেশের প্রতিটি সদস্য ভোগ করবে। একইসঙ্গে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া, সম্প্রতি যে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে যে সমস্ত উদ্ধারকারী এবং রাষ্ট্রের অন্যান্য সংস্থা ভূমিকা রেখেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।

সূত্র : পার্সটুডে, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights