নির্বাচনে জয় পরাজয় থাকতে পারে ফলাফল মেনে নেয়া উচিত: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয় দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, পরিবেশ মোটামুটি ভালো রয়েছে, তবে গতকাল রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, সুত্রাপুরে এক স্কুলের কেন্দ্রে জামায়াত ও ছাত্রশিবিরের কিছু ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছে। এর আগে সুত্রাপুর থানার জামায়াতের নায়েবে আমিন ঘুষ দেওয়ার সময় আটক হন এবং দুই দিনের জেল হয়।

ইশরাক হোসেন বলেন, ‘যারা নিজেদের এতো সাধু পরিচয় দিয়ে আসছে তারা ভোটের আগের দিন ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছে। জনগণ তাদের মুখোশ উন্মোচিত দেখে ফেলেছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনগণ বিপুল ভোট দেবে।

নতুন ভোটারদের উদ্দেশ্যে ইশরাক বলেন, ‘২৪ এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছে। তাদের ত্যাগ সফল করতে হলে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতের সরকারকে জবাবদিহিতামূলক করা সম্ভব এবং নতুন বাংলাদেশ গঠনে শহীদদের লক্ষ্য অর্জন করা যাবে।’

তিনি আরও বলেন, যারা গুপ্ত রাজনীতি করেছে, তাদের চেষ্টা ধরা পড়েছে। ঠাকুরগাঁ জেলার জামায়াতের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা পড়েছেন। এই অর্থ কোথা থেকে এসেছে, সেই প্রশ্ন জনগণ তাদের কাছে জানতে চায়।

ইশরাক হোসেন ভোটের ফলাফলকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু রাখার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, ভোটের ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব। নির্বাচনে জয় বা পরাজয় দুটোই থাকতে পারে। একজন প্রার্থী পরাজিত হলে পরবর্তী নির্বাচনে সুযোগ থাকবে। আমাদের উচিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল মেনে নেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights