নির্বাচন কমিশন আন্তরিক হলে আগেই নির্বাচন দেয়া সম্ভব: ড. মোশাররফ
কুমিল্লা প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালে দেশে নির্বাচন হতে পারে বলে আশ্বস্ত করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এ দেশের সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া সম্ভব।
সোমবার কুমিল্লার কান্দিরপাড়ের বিএনপি কার্যালয়ের সামনে বিজয় দিবসে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার আয়োজিত র্যালির শুরুতে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, যদি এটি করা যায় তাহলে দেশ এবং সরকারের জন্য মঙ্গলজনক হবে। বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে অবৈধভাবে আছেন। সেখানে বসে তিনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই এ দেশের মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে।
এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, ৯১-তে এ দেশের মানুষ ভোটের মাধ্যমে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ দেশের মানুষ আওয়ামী লীগকে বসিয়েছিল। এরপর ২০০১ সালে এ দেশের মানুষ আবার খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। অর্থাৎ সরকার পরিবর্তন করতে পারে এ দেশের জনগণ।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, যারা ভোটের অধিকার হরণ করতে চায়, তাদের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা বারবার বিপ্লব করেছে। হুসেইন মুহাম্মদ এরশাদ ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। তেমনি ২০২৪ সালে শেখ হাসিনাকেও জনগণের বিপ্লবের কারণে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। এসব কথা বললাম এজন্য যে, এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনে রোড ম্যাপ দেবে, দিন তারিখ ঠিক করে দেবে। আমার বিশ্বাস জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। ছোটখাটো ষড়যন্ত্র এই জনগণ সহ্য করবে না। অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে র্যালিতে অংশগ্রহণ করেন বিএনপি নেতারা। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর বহরটি কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
