নির্বাচন ডিসেম্বরের পরে হওয়ার প্রশ্নই আসে না : আমীর খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পরে যাওয়ার তো প্রশ্নই আসে না, বরং আগে করা সম্ভব।’

আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের (জিওপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্র করে ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। সে ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। ঐকমত্য কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যেসব জায়গায় ঐকমত্য হবে, সেগুলো শুধু আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব। আর যেগুলো ঐকমত্য হবে না, সেগুলো নির্বাচনের পরে যার-যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে এসে এটা পাস করবে।’

তিনি বলেন, ‘সংস্কারের কথাটা খুবই পরিষ্কার, না বোঝার কোনো কারণ নেই। বুঝেশুনে না বুঝলে সেটা কোনো সমাধান না। সংস্কারের বিষয়টা খোলা রাখেন, এটা কিন্তু রং (ভুল) ম্যাসেজ যাচ্ছে জাতির কাছে। দিনক্ষণ দিয়ে এটা সমাধান করা সম্ভব। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights