নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে : হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‌‘বিএনপি নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়।’

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা অতি দ্রুত নির্বাচন চাই, যে সংস্কারের কথা বলেন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ ভাগ সংস্কার হয়েছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই। এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘যে সংস্কার করতে চান সেই সংস্কারের অধিকার আপনাদের নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধি সংস্কার করবে।’

তিনি বলেন, ‘এদেশে কিংস পার্টি গঠন হতে চলেছে, কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসে ছিল। কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে।’

হাফিজ উদ্দিন বলেন, ‘জুলাই-আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights