নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৭০ বিদেশি পর্যবেক্ষক

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় এসেছেন। তবে ৩০ দেশের ১১৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন (অ্যাক্রেডিটেশন) পেয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের ১৭ জন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ১২ জন, আফ্রিকার ইলেক্টোরাল অ্যালায়েন্সের ১০ জন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারজন প্রতিনিধি এসেছেন। এছাড়া ঢাকায় জাপান দূতাবাসের ১৬ জন কর্মী নির্বাচন পর্যবেক্ষণ করার কথা।
সূত্র জানায়, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ভারত, রাশিয়া, মরিশাস, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সব মিলিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন ২২৭ জন বিদেশি। এদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক ও ৭১ জন বিদেশি সাংবাদিক। আবেদনকৃত বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে চিঠি পাঠিয়েছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights