নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। সে লক্ষে সব ধরনের প্রস্তুতি চলছে। আর তফসিল ঘোষণা ডিসেম্বরেই।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পিআর নিয়ে ইসি আনোয়ারুল বলেন, এ বিষয়ে আমি কিছু বলবো না, যেহেতু প্রধান উপদেষ্টা এ বিষয়ে আগেই বলেছেন।

সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ জানিয়ে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ক্ষেত্র থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

কোনো চ্যালেঞ্জ আছে কি না এ প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবার সহযোগিতায় একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনী ইস্যু নিয়ে যেন কোনো অপতথ্য ও গুজব ছড়ানো না হয়, এ ব্যাপারে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে সার্কিট হাউসে পটুয়াখালীর জেলা প্রশাসক, নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights