নির্বাচন শেষে আবারও এক মঞ্চে দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাঠে ছিলেন শফিকুল হক মিলন। অপরদিকে জামায়াতের প্রার্থী হয়ে মাঠে ছিলেন দলটির মহানগর নায়েবে আমির আবুল কালাম আজাদ। ভোটের মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তবে ভোট শেষে আবারও একই মঞ্চে দেখা মিললো প্রতিদ্বন্দ্বী দুইজনকে
শনিবার সকালে পবা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সভাকক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন। মঞ্চে তার পাশেই ছিলেন প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ জানান, সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে, পবা উপজেলার উন্নয়ন রোডম্যাপ প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, কৃষি সম্প্রসারণ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় এমপি ছাড়াও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
