নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত : দুলু
নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত। অন্য পথে করতে গেলে ১৬ বছরের নিপীড়নকারী ফ্যাসিস্ট দল সুযোগ নিতে পারে।
আজ বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালিতে জেলা ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তারপরও সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোন সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। নইলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্ন বিদ্ধ হতে পারে।’
দুলু বলেন, দেশের মানুষের ওপরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যে হত্যা, গুম খুন নিপীড়ন চালিয়েছে সেই খুনি হাসিনা ও তার দলকে আমরা কোন ভাবেই আর কোন সুযোগ দিতে পারি না।’
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদকদের মধ্যে সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, রবিউর রহমান টিটন, শহীদুল্লাহ সোহেল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
