নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানুর রহমান (২৩) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সাদেকপুর ইউনিয়নের ধামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পল্লিচিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের নির্মাণাধীন ভবনের দেয়ালে আস্তরের কাজ করছিলেন হাসানুর। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাতে থাকা রোলারের সংস্পর্শ ঘটে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মাসুদ রানা বলেন, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে হাসানুরের বিয়ে হয়। তবে এখনো স্ত্রীকে নিজ বাড়িতে তোলা হয়নি। বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে তোলা ও বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিল তার।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights