নির্মাণে ক্রটি, প্লাটফর্ম ঘষতে ঘষতে চললো ট্রেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আরো একটি বড় ধরনের নির্মাণ ত্রুটি ধরা পড়ছে। শনিবার রাতে চলন্ত ট্রেন প্লাটফর্ম ঘষতে ঘষতে গেলে ত্রুটিটি ধরা পড়ে। ট্রেনের সঙ্গে মিল না রেখে প্লাটফর্মের উচ্চতা করায় এ সমস্যা দেখা দেয়। তবে এতে ঝাঁকুনি খেয়ে ট্রেন থেমে গেলেও বড় ধরণের কোনো সমস্যা হয়নি।
একাধিক সূত্র জানায়, রাত পৌণে নয়টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের পাঁচ নম্বর লাইনে ঢুকে। প্লাটফর্মের কিছু অংশ যাওয়ার পরই ট্রেনটি এতে ঘঁষা লাগতে থাকে। এতে ট্রেনটি ঝাঁকুনি খায় ও একপর্যায়ে থেমে যায়। পরে ট্রেনটিকে পিছনের দিকে এনে যে লাইনে প্লাটফরম নেই সেটি দিয়ে চালানো হয়।
কেবিন স্টেশন মাস্টার মো. খায়রুল ইসলাম জানান, কন্টেইনার ট্রেনটির সঙ্গে প্লাটফর্মের উচ্চতার মিল না থাকায় এটি লেগে যায়। তবে এতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনটিকে পরে অন্য লাইন দিয়ে চালানো হয়।
উল্লেখ্য, আখাউড়া রেলওয়ে জংশনে চলমান উন্নয়ন কাজে প্রতিবন্ধীসহ বৃদ্ধদের জন্য আলাদা সিঁড়ি না থাকাসহ বেশকিছু নির্মাণ ত্রুটি চোখে পড়ে।
