নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত জার্মান শেফার্ডসহ ৮ কুকুর

অনলাইন ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নেওয়ার আগে আগ্রহী ক্রেতারা কুকুরগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

নিলামের জন্য তালিকাভুক্ত আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর এবং তিনটি জার্মান শেফার্ড। এসব কুকুরের বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে।

নিলামে অংশ নিতে যা লাগবে

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিলামে অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। এছাড়া কুকুর বিক্রির মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে ক্রেতাকে।

নিলামে কোনো কুকুর কিনলে নির্ধারিত মূল্য তিন দিনের মধ্যে পরিশোধ করে সেটি বুঝে নিতে হবে। এ বিষয়ে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলাম ডাক অনুষ্ঠিত হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টটির নিলাম কার্যক্রম চলবে বলে জানিয়েছেন র‍্যাবের প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান।

তবে সর্বোচ্চ দরদাতা হলেই কুকুরটি পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দর গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিনটি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয়। তিনটি কুকুরের মোট বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৩০ হাজার টাকা।

এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের ‘কোরি’ নামের একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights