নুহাশপল্লীতে শ্রদ্ধা ভালোবাসায় হুমায়ূনকে স্মরণ
গাজীপুর প্রতিনিধি
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার নুহাশপল্লীর লিচুতলায় গতকাল সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁদের দুই ছেলে নিষাদ, নিনিতসহ নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং হুমায়ূন ভক্ত ও দর্শনার্থীরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। লেখকের কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শিগগিরই পেঙ্গুইন পাবলিকেশনস থেকে আমরা হুমায়ূন আহমেদের বই প্রকাশ দেখতে পারব। বিভিন্ন ভাষায় হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস অনুবাদ হচ্ছে। এটি আমার কাছে খুব বড় মনে হয়। তাঁর লেখাগুলো বিশ্বে ছড়িয়ে যাক।’ উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।
