নেতানিয়াহুর দপ্তরের কাছে মিসাইল হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রাণকেন্দ্র জেরুজালেমে মঙ্গলবার ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের খুব কাছে আঘাত হেনেছে।

মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই বিশাল হামলায় পুরো অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চলের আকাশে ইরানি মিসাইলের সারি দেখা গেছে। আল-কুদস বা জেরুজালেম এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

সূত্রমতে, সাইরেন বাজার আগেই বেশ কিছু শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো স্বীকার করেছে, ইরানের বিশাল এই মিসাইল বহরের মধ্যে মাত্র একটি মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাকি সব কটি মিসাইল প্রতিরক্ষা দেয়াল ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েল যে উসকানিমূলক ও একপাক্ষিক যুদ্ধ শুরু করেছিল, তার পাল্টা জবাব হিসেবেই ইরান এই অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে গুপ্তহত্যার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল এই সংঘাতের সূচনা করে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালীন এই অতর্কিত হামলা চালানো হয়েছিল। যুদ্ধের শুরু থেকেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এর বিপরীতে ইরানও পিছু হঠেনি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights